নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন ধরে দখল নিয়ে বিরোধের পর অবশেষে বরিশাল সদর উপজেলার কাউনিয়া উলালঘূনী এলাকায় আদালতের আদেশে ৭ শতক জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে দখল বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
আদালতের নির্দেশ বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসার আদালতে দায়ের করা ভূঃ অঃ প্রঃ আঃ-০৮/২০২৬ (কাউনিয়া) মামলায় গত ২ জুলাই দেওয়া আদেশের ভিত্তিতে প্রতিপক্ষের দখলে থাকা তফসিলভুক্ত জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উপস্থিতিতে জমিটি উদ্ধার করে আবেদনকারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
দখল হস্তান্তরনামা অনুযায়ী, বরিশাল সদর থানার জে.এল. নং-৪৫, উলালঘূনী মৌজার এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ১৬ শতক জমির মধ্যে আদালতের আদেশে ৭ শতক (০.০৭০০ একর) জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমি উলালঘূনী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিয়াজ নাসিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে দখল হস্তান্তরনামায় স্বাক্ষর গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা শতভাগ অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয়সূত্রে জনা যায়, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতের রায়ের পর প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে জমি উদ্ধার ও দখল হস্তান্তরের মধ্য দিয়ে ওই বিরোধের একটি আইনি নিষ্পত্তি হলো।

