নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল নগরীর ঐতিহ্যবাহী কবি জীবনানন্দ দাশ আউটডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এতে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এ ছাড়া অনুষ্ঠানে বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ আয়োজনের মধ্য দিয়ে নগরীতে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।
টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, খেলোয়াড়, অতিথি এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

