নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর পোর্টরোড এলাকায় জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠান চালানোর দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর দায়ে আদর্শ পোল্ট্রি ঘর, হাওলাদার পোল্ট্রি ঘর ও আবাবিল পোল্ট্রি ঘরকে তিনটি পৃথক মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এসব অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
অভিযানে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদার, ট্রেড লাইসেন্স বিভাগের সুপারিনটেনডেন্ট আজিজ শাহীনসহ উচ্ছেদ শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

