নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে অটোরিক্সার চাপায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুতে দোষী অটোচালকের দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ কর্মসূচী পালন করে। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় যানজট ও উত্তেজনা তৈরি হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দোষী অটো চালককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহনেরও আশ্বাস দেন। শিক্ষার্থীরা প্রশাসকের আশ্বাসে ক্লাসে ফিরে যান।
স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর ঐসড়কে পূর্বেও একই ধরনের প্রানহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে।
