Google search engine
Homeআইন আদালতস্ত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলায় ইউপি সদস্য স্বামী গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলায় ইউপি সদস্য স্বামী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শীলা আক্তারের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ও একই ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার সেরাল গ্রামের মো. মজিবুর রহমান সেরনিয়াবাতের ছেলে। তিনি গৈলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শীলা আক্তার গত ২৫ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় শীলার বড় ভাই আলামিন হাওলাদার বাদী হয়ে ২৯ জুলাই আগৈলঝাড়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় শীলার স্বামী ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে আসামি করা হয়।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ জুলাই বিকেলে উপজেলার সেরাল গ্রামের রিপন সরদারের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে শীলাকে তার স্বামী মারুফ সেরনিয়াবাত মারধর করেন। পরে ওই বাসায় শীলার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শীলার পরিবারের আরও অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মারুফ সেরনিয়াবাত তাকে প্রায়ই মারধর করতেন।

শীলার বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানান, প্রায় এক বছর আগে মারুফ সেরনিয়াবাতের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা সেরাল গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফের এটি দ্বিতীয় বিয়ে। শীলা আক্তার তিন কন্যাসন্তানের জননী ছিলেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার মামলার পলাতক আসামি ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments