নিজস্ব প্রতিবেদকঃ জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা যাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান এমপি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে। গোপনে নয়, উপযুক্ত আদালতে বিচার হবে। যাতে এ বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশালে এসে আইনজীবীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শোনার পর আইনমন্ত্রী বলেন, ‘জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে, কবি যেমন বলেছিলেন—মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে।’
আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য আপাতত পাঁচ লাখ টাকা দেওয়া হলো। এছাড়া প্রস্তাবিত ভবন নির্মাণের জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘এই সরকার ছয় মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমরা বলছি, সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি। মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দিই না।’
ইরান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পুরো পৃথিবী যখন বিপর্যস্ত, তখন বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। আমরা চেষ্টা করেছি সবার শেষে তেলের দাম বাড়াতে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।’
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।’
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

