‘অসহযোগ আন্দোলন’-এর ডাক দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদকঃ পদোন্নতির দাবি আদায় এবং শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান অচলাবস্থা আরও জোরদার হয়েছে। দাবি পূরণে প্রশাসনের নীরবতার প্রতিবাদে এবার ‘অসহযোগ আন্দোলন’-এর ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কঠোর কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছেন তারা।

এর আগে, পদোন্নতির দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন। যার ফলে গত ২১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

শিক্ষকরা অভিযোগ করেছেন, তাদের যৌক্তিক দাবিগুলো উপাচার্য (ভিসি) প্রফেসর ড. তৌফিক আলম আমলে নিচ্ছেন না। যে কারণেই তারা অসহযোগ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘উপাচার্যের সঙ্গে আন্দোলন নিয়ে আমাদের আর কোনো আলোচনা হয়নি। এমতাবস্থায় মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আমাদের এই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করবেন বলে আশা করছি।’

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক জানান, প্রশাসন থেকে কোনো সমাধান না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অসহযোগ আন্দোলনের ফলে আমরা কোনো ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করব না। এমনকি আগামী ৩০ এপ্রিল যে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে, সেখানেও শিক্ষকরা অংশ নেবেন না।’এই আন্দোলনের প্রভাব পড়েছে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও।

ববি কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আরিফ সিকদার জানিয়েছেন, কর্মকর্তারা আন্দোলনে থাকলে তারাও একাত্মতা পোষণ করবেন।

দীর্ঘদিন ধরে চলা এই সংকট ও শিক্ষকদের অসহযোগ আন্দোলনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের কে আমি অনুরোধ করবো তারা এই সমস্ত কর্মকান্ড থেকে যেনো বিরত থাকেন এবং ক্লাস পরিক্ষা চালু করেন এবং তারা যদি সহযোগিতা না করে অসহযোগিতা করেন তাহলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

Comments (০)
Add Comment