“বরিশাল-১ আসনে হাতপাখা প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে”-চরমোনাই পীর

ডেস্ক নিউজঃ দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বরিশাল-১আসন (গৌরনদী–আগৈলঝাড়া) গড়তে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশএর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

৫ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী বন্দর বালুর মাঠে অনুষ্ঠিত পথসভায় এ আহবান জানান চরমোনাই পীর।

পথসভায় বরিশাল-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুহা. রাসেল সরদার (মেহেদী)-এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রধান অতিথির বক্তব্য চরমোনাই পীর বলেন,“দেশ আজ নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও রাজনৈতিক সংকটে নিপতিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো কুরআন-সুন্নাহভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। ইসলামী অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়।”

তিনি আরও বলেন,“বরিশাল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মুহা. রাসেল সরদারকে বিজয়ী করুন। হাতপাখা মানেই দুর্নীতিমুক্ত রাজনীতি ও আল্লাহভীরু নেতৃত্ব।”

সভাপতির বক্তব্য মুহা. রাসেল সরদার (মেহেদী) বলেন, “বরিশাল-১ আসনের মানুষ বহু বছর ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক বৈষম্যের শিকার। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি; আমরা এসেছি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করতে।”

তিনি বলেন, “আপনারা যদি আমাকে হাতপাখা প্রতীকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ এই আসন হবে ন্যায়, নিরাপত্তা ও মানবিক উন্নয়নের দৃষ্টান্ত। দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান থাকবে।গৌরনদী ও আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মুফতি মোস্তফা কামাল, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা; মাওলানা এমদাত, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা এবং মুহা. পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখা।

Comments (০)
Add Comment