স্টাফ রিপোর্টার : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে এখানে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইতিহাসে বাকেরগঞ্জে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছে। ৫৪৫৩৩ ভোট পেয়ে ২য় অবস্থানে অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন সমূহ বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটের হিসেবে জামায়াতের অবস্থান ছিল পঞ্চম। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমোনাই এর চেয়েও কম ভোট ছিল তাদের।
সেসব হিসেব নিকেশ কে পেছনে ফেলে এবার ভিন্নতা প্রমাণ করলো জামায়াতে ইসলামী। মোট ১১৩ টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) প্রার্থী আবুল হোসেন খান ৮১০৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪৫৩৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ২৮৮২৩ ভোট পেয়েছেন। মুসলিম লীগের প্রার্থী মুফতি কুদ্দুস মোল্লা ২৩৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন কামরুল ইসলাম পেয়েছেন ১৩৭ ভোট পেয়েছেন।
এবারের ফলাফলের মাধ্যমে জামায়াতের সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থনের বিষয়টি ভিষণভাবে আলোচনায় এসেছে। ইতিপূর্বে বেশি ভোট পাওয়া চরমোনাইর প্রার্থীও এবার পেয়েছে জামায়াতের অর্ধেক ভোট। জামায়াতের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার জয়ী হতে না পারলেও ভোটের সমীকরণে তিনি গুডলিস্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে বাকেরগঞ্জবাসীর মধ্যে ইসলামী মূল্যবোধ, জামায়াতের সকল ট্যাগ উপেক্ষা এবং আধুনিক ইসলামী রাষ্ট্র গঠনে জামায়াতের দক্ষতার প্রতি যে সমর্থন পাওয়া গেছে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। এই ধারা অব্যাহত রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেলে দলটির জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তারা।