নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার সংজ্ঞা সাংবাদিক প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে।
শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে স্বজন স্মরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য মন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী একথা বলেন।
তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারটা আমরা সবাই বুঝি। আমি যদি একটা সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহিতার সীমানা নির্ধারণ করতে পারি ঐ সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব জবাবদিহিতা ও সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। আমি এভাবেই জিনিসটাকে সাজিয়েছি। এর জন্য তিনি সকলের সহযোগিতা চান।
তথ্য মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার সংজ্ঞা সাংবাদিক প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের নির্ধারিত সংজ্ঞাকে তথ্য মন্ত্রণালয় একটা কাঠামোর মধ্যে দাঁড় করাবে। এর দায়িত্ব প্রথমত সাংবাদিককে নিতে হবে। কারণ এমন একটা মহান পেশার সংজ্ঞা বাইরে থেকে আমরা কেউ নির্ধারণ করতে পারবো না। সুযোগ-সুবিধা রাষ্ট্রীয়ভাবে যতটুকু আছে সেটি দেওয়ার ক্ষেত্রে নীতিমালাটা কি হবে তাও সাংবাদিকদের কাছ থেকেই আমি চাইবো।
এসময় তথ্য মন্ত্রী বলেন, আমরা পরিবর্তিত সমাজের মধ্যে বাস করছি। এই সমাজে তথ্যে সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে। ৫০ বছর আগের সাথে এখন আর মিল পাওয়া যাবেনা। তাই এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বরিশাল প্রেসক্লাব আয়োজিত স্বজন স্বরন অনুষ্ঠানে বরিশাল প্রেসক্রাবের সভাপতি আসিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাবেক সাধারণ সস্পাদক মশিউর রহমান খান প্রমুখ।