নিজস্ব প্রতিবেদকঃ অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড কারখানা বিক্রির সম্ভাবনাকে কেন্দ্র করে শ্রমিকদের চাকুরি নিরাপত্তা ও সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় কারখানার প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিকরা দাবি জানান, কারখানা বিক্রি বা মালিকানা হস্তান্তর করা হলে শ্রমিকদের চাকুরি বহাল রেখেই হস্তান্তর করতে হবে এবং তাদের বকেয়া বেতন, ওভারটাইমসহ সকল পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বরিশাল ৫৪)-এর সহ-সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক লিটন।
সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম গাজী, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ হাওলাদার এবং ওএসএল ফার্মা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে অলিম্পিক কারখানা বিক্রির খবর প্রকাশের পর ইউনিয়ন নেতারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। তবে শ্রমিকদের চাকুরি বহাল রাখা, দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
তাদের অভিযোগ, এ পরিস্থিতিতে শ্রমিকরা চাকুরি ও পাওনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই অবিলম্বে শ্রমিকদের চাকুরি নিরাপত্তা নিশ্চিত এবং সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।সমাবেশ থেকে এ দাবিতে বরিশালের শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

