আগৈলঝাড়া প্রতিনিধি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ওই মামলায় অভিযুক্ত হিসেবে সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

