নিজস্ব প্রতিবেদকঃ গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শুক্রবার (৩ জুলাই) নগরীর সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালী উত্তর থানা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট হেলাল বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু বর্তমান বিএনপি সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে পুরোনো ধারায় দেশ পরিচালনা করছে এবং নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর বিধান ও ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানব রচিত মতবাদ দিয়ে জনগণের প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তোলার পাশাপাশি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশকে নতুন উদ্যমে সচল করতে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই। তবে স্থানীয় নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কোতোয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা বাবর বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আন্দোলনের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে আত্মগঠনের মাধ্যমে নিজেদের আদর্শিকভাবে প্রস্তুত করতে হবে এবং সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
থানা সেক্রেটারি জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিস সম্পাদক কামরুল আহসান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. জাহাঙ্গীর কবীর, থানা কর্মপরিষদ সদস্য মোকছেদুর রহমান, আব্দুস সত্তার খান, বায়জীদ বোস্তামী, অধ্যাপক জিল্লুর রহমান, আবু সাইদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

