স্টাফ রিপোর্টারঃ গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর সদর রোডস্থ টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, জনগণের মতামত উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে তার রাজনৈতিক দায় সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, “গণভোট নিয়ে জাতির সঙ্গে বেইমানি করলে বর্তমান সরকারের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের মতো হবে।”
তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের অবসান ঘটেছে। ভবিষ্যতে কোনো অপশক্তি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা বাবর বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছিল। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জুলাই গণহত্যা, হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার দাবি করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার আহ্বান জানান। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, খুন, গুম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বক্তব্যের শেষাংশে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
সমাবেশে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান এবং ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
এ সময় মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

