নিজস্ব প্রতিবেদকঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশালে বিভাগীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর,বুধবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ‘Civil Registration and Vital Statistics (CRVS) বাস্তবায়ন’ বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কার্যকর CRVS ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনসংখ্যার সঠিক পরিসংখ্যান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, জাতীয় পরিচয় ও সরকারি সেবা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন, জন্ম-মৃত্যুর প্রবণতা ও মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এসব তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও স্বাস্থ্যনীতি প্রণয়নসহ বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও সমন্বয় জোরদারের আহ্বান জানিয়ে ফারাহ শাম্মী বলেন, কোনো নাগরিক যেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন। সঠিক সময়ে সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে এর ভিত্তিতে কার্যকর ও জনবান্ধব রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

