নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বরিশাল সদর উপজেলা পরিষদে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান।
‘রাখিব চারপাশ পরিষ্কার,করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা। পরে তাঁর নেতৃত্বে পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
অভিযান উদ্বোধনকালে ইউএনও ফরিদা সুলতানা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তার হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা পরিষদ চত্বর নিয়মিত পরিচ্ছন্ন রাখার জন্য নাইটগার্ডদের মধ্য থেকে প্রায় ১০ জন, দুইজন আনসার সদস্য ও দুইজন গ্রাম পুলিশ সদস্যকে নিয়ে একটি দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দলটি প্রতিদিন বিকেলে উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে ইউএনও বলেন, অফিস চত্বরে ময়লা-আবর্জনা জমে থাকা কিংবা পানি জমে থাকার কোনো সুযোগ রাখা যাবে না। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের এলাকাতেও নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত তা পরিষ্কার করা হবে। বিশেষ করে পরিত্যক্ত পাত্র, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকেও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে শনিবার থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী এ কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
বরিশাল সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিয়মিতভাবে বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

