নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদার (৫৫)। পরিচয় গোপন করে দীর্ঘ সময় ভারত ও কুয়েতে অবস্থান করার পর দেশে ফিরে আত্মগোপনে ছিলেন তিনি।
বরিশাল এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নাল সরদারকে গ্রেপ্তার করে। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি সূত্র জানায়, ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি জয়নাল সরদার। ওই মামলায় হত্যার অপরাধে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
জানা গেছে, খুলনায় আলোচিত ওই হত্যা মামলাতেই কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড হয়েছিল। একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার রায়ের পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন। একপর্যায়ে পরিচয় গোপন করে ভারত ও কুয়েতে অবস্থান করেন তিনি।
দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তার জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

