গৌরনদী প্রতিনিধি: ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের রাতে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে জমে উঠেছে ইলিশের বাজার।
বুধবার (৭ অক্টোবর) রাতে বাজারজুড়ে ছিল রুপালি ইলিশের সমারোহ। দাম কিছুটা কম থাকায় ইলিশ কিনতে নারী-পুরুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
বিক্রেতারা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাই নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইলিশ কিনতে বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। স্থানীয় বাজারে চারটি ইলিশে এক কেজির দাম ৬০০ থেকে ৭০০ টাকা, দুটি ইলিশে এক কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে।
নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো ইলিশ কিনতে অনেকেই পরিবার ও স্বজনদের জন্য মাছ সংগ্রহ করছেন। ফলে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত টরকী বন্দরের ইলিশের বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ছিল বেশি।
এদিকে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে বরিশালে বিভাগীয় পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সভায় জানানো হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ও সম্পূর্ণ বন্ধ থাকবে।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মা ইলিশ সংরক্ষণ ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

