Google search engine
Homeঅন্যানোবিএম ভূমি অফিসে দীর্ঘদিন আবেদন ঝুলিয়ে রাখায় দুই কর্মকর্তা শোকজ

বিএম ভূমি অফিসে দীর্ঘদিন আবেদন ঝুলিয়ে রাখায় দুই কর্মকর্তা শোকজ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে ৩০ দিনের বেশি সময় ধরে ৩১টি নামজারি আবেদন পড়ে থাকার ঘটনা ধরা পড়েছে আকস্মিক পরিদর্শনে। একই সঙ্গে নিষ্পত্তি হয়নি ১১টি হোল্ডিং আবেদন। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিএম ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় তিনি অফিসের নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন। তখনই দীর্ঘদিন ধরে এসব আবেদন নিষ্পত্তি না হওয়ার বিষয়টি নজরে আসে।

পরে বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে শোকজ করা হয়। কেন দীর্ঘদিন ধরে আবেদনগুলো নিষ্পত্তি করা হয়নি এবং এ ধরনের কর্মকাণ্ডকে দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—নোটিশে তা জানতে চাওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নামজারি ও হোল্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ ভূমিসেবা দীর্ঘদিন আটকে থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে দুই কর্মকর্তাকে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, হোল্ডিংসহ সব ধরনের সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা কিংবা জনভোগান্তি সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভূমি সেবায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments