ববি প্রতিনিধিঃ আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ-২০২৬’-এ অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থী।
গত ৩ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে আজ ৫ অক্টোবর পর্যন্ত। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন পাঁচ শিক্ষার্থী। তাঁরা হলেন—কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি (২০১৯-২০), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান (২০১৮-১৯) ও অনন্যা সাহা রায় বৃষ্টি (২০২১-২২) এবং লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ (২০২০-২১) ও মরিয়ম আক্তার (২০২২-২৩)।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
গত শনিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। বঙ্গোপসাগরকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংলাপে অংশ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। এর মাধ্যমে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনা পাচ্ছেন।
শিক্ষার্থীরা বলেন, ‘এটি একটি নতুন ধারার আন্তর্জাতিক আয়োজন। এখানে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন আলোচনা থেকে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিষয়ে নানা দিকনির্দেশনা পেয়েছি, যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।’ তাঁদের মতে, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী এ সম্মেলনে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা ও তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা, ভূরাজনৈতিক পরিবর্তন এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানোর বিষয়গুলো এবারের সংলাপে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

