উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ঘরের ভেতরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে এ আয়োজন করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে।
ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে একটি কক্ষে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটছেন।
এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার রয়েছেন।
এ ছাড়া যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহসভাপতি নয়ন হাওলাদার এবং শোলক ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুন হাওলাদারকেও ওই আয়োজনে দেখা গেছে বলে ছবিতে দাবি করা হয়েছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ছবিতে থাকা একাধিক ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে উজিরপুর থানার একটি সূত্র জানিয়েছে, উপজেলায় প্রকাশ্যে শেখ হাসিনার জন্মদিন পালনের কোনো কর্মসূচির তথ্য পুলিশের কাছে নেই। তবে কোনো ব্যক্তি ঘরের ভেতরে এমন আয়োজন করে তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

