Google search engine
Homeঅন্যানোএসআরবি-৮’র পৃথক অভিযান:ধর্ষণ ও ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

এসআরবি-৮’র পৃথক অভিযান:ধর্ষণ ও ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ বরিশালের হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক ভূঁইয়া (৪০) এবং পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত মিটু শেখকে (৫২) গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বরিশাল। পৃথক অভিযানে বরিশালের বাবুগঞ্জ ও ঢাকার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হিজলা উপজেলার চর ছয়গাঁও গ্রামের আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাড়ির পাশের গ্রামের বাসিন্দা ফারুক বিভিন্ন সময় তার বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি ওই তরুণীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ১ মার্চ ভয়ভীতি দেখিয়ে কৌশলে তাকে ধর্ষণ করেন ফারুক। বর্তমানে ওই তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে এসআরবি-৮। আইনি প্রক্রিয়া শেষে তাকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত মিটু শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের মানিকদাহ গ্রামের এলাহী শেখের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ আগস্ট ভোরে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এমরান শেখের বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে। পরে তারা স্বর্ণালংকার, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এমরান শেখ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা করেন।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মিটু শেখকে গ্রেপ্তারে অভিযান চালায় এসআরবি-৮ বরিশালের নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments