Google search engine
Homeঅর্থনীতিকর না বাড়িয়ে ৬৪৭ কোটি টাকার বাজেট বিসিসির

কর না বাড়িয়ে ৬৪৭ কোটি টাকার বাজেট বিসিসির

নিজস্ব প্রতিবেদকঃ  কোনো ধরনের নতুন কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নারী ও শিশু কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল নাগরিকসেবাকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

৩০জুলাই,বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণায় বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সীমিত রাজস্ব আয়ের মধ্যেও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে কর বৃদ্ধি না করেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকা।
জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন

বাজেটে নগরীর জলাবদ্ধতা দূরীকরণে জেলখাল, আমানতগঞ্জ, সাগরদী ও লাকুটিয়া খাল পুনঃখনন এবং খালের পাড় সংরক্ষণে ৭৬৯ কোটি ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানোর তথ্য জানানো হয়। পাশাপাশি কীর্তনখোলা নদীর পশ্চিম তীরে শহর রক্ষা বাঁধ নির্মাণে ৫৩৩ কোটি টাকার প্রকল্পও উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ৪২ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং সড়ক, ৪ দশমিক ৫ কিলোমিটার আরসিসি সড়ক, ৮ দশমিক ৫ কিলোমিটার সিসি সড়ক এবং ১৬ দশমিক ৫ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণের তথ্য তুলে ধরা হয়। এছাড়া প্রায় ২৪ কোটি ৭৬ লাখ টাকার আলোকায়ন প্রকল্প অনুমোদিত হলে ১৬ হাজারের বেশি বৈদ্যুতিক খুঁটি ও ২০ হাজারের বেশি সড়কবাতি স্থাপন করা হবে।

বিশুদ্ধ পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ
বাজেট বক্তৃতায় জানানো হয়, রূপাতলী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয়েছে এবং বেলতলা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর প্রস্তুতি চলছে। কীর্তনখোলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উন্নয়ন প্রকল্পও প্রস্তুত করা হয়েছে। নতুন পাইপলাইন স্থাপন অব্যাহত রয়েছে এবং গত অর্থবছরে ১ হাজার ৬৪টি নতুন পানির সংযোগ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংযোগের আবেদন ও অনুমোদন পুরোপুরি অনলাইনে সম্পন্ন হচ্ছে। আগামী অর্থবছরে নগরীতে পানির এটিএম বুথ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রতিদিন প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশন। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নতুন ডাম্প ট্রাক, মেডিকেল বর্জ্যবাহী কম্প্যাক্টর ও ভ্যাকুয়াম ট্রাক সংগ্রহের তথ্যও জানানো হয়।
নারী, শিশু ও পরিবেশে গুরুত্ব

বাজেটে নারীদের জন্য আধুনিক পাবলিক টয়লেট, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মার্কেট, কর্মজীবী নারীদের হোস্টেল এবং অসচ্ছল নারীদের আইনি সহায়তার উদ্যোগ রাখা হয়েছে। শিশুদের জন্য গ্রীন সিটি পার্ক সংস্কার, নতুন রাইড, খেলাধুলার সরঞ্জাম ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনেও বরাদ্দ রাখা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী অর্থবছরে ৫০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ফোয়ারা, পার্ক উন্নয়ন, আলোকসজ্জা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নামে মানচিত্র ভাস্কর্য নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ডিজিটাল সেবা ও স্বাস্থ্যখাত
কর আদায়, ট্রেড লাইসেন্স, ভবনের নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্রসহ বিভিন্ন নাগরিক সেবা অনলাইনে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসকের মতে, এতে সেবার গতি বাড়বে এবং হয়রানি কমবে।
গত অর্থবছরে ১০ হাজার ৪৭৯ জন নারী ও শিশুকে নিয়মিত টিকা দেওয়া হয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ৪৩ হাজার ৮৫০ জন এবং ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৫৮ হাজার ৫৫৭ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী অর্থবছর থেকে নগরীর তিনটি জোনে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিকদের জন্য বরাদ্দ
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির ভবন সংস্কারের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।বাজেট বক্তৃতার সমাপনী বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দুর্নীতি ও অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। নগরবাসী, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “কর বৃদ্ধি না করেও নাগরিকরা আগের চেয়ে আরও উন্নত সেবা পাবেন। সবাইকে সঙ্গে নিয়েই আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তুলতে চাই।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments