বরিশাল প্রতিনিধি: দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। মেধাবীদের জন্য কোনো ভিসা বা নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন হয় না, মেধাই তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার শিক্ষাখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষাখাত যে অবস্থানে এগিয়ে নেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে তা আবার পিছিয়ে পড়েছে। আগে শিক্ষাখাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। সেখান থেকে আইসিটি খাতের অর্থও সমন্বয় করা হতো। ফলে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা ও বিভিন্ন সীমাবদ্ধতা পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো সড়কে হাঁটার সময় অসন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি ইলেকট্রিক বাস, নতুন একাডেমিক ভবন, অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল রেঞ্জের ডিআইজি, বিএমপি কমিশনার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে তাদের অনুপ্রাণিত করতেই এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

