বরিশাল প্রতিনিধি: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP31-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জলবায়ু কর্মী ও যুব সংগঠক সোহেল রানা।
আগামী ১০ নভেম্বর তুরস্কের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। তাঁর এই অংশগ্রহণকে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং উপকূলীয় অঞ্চলের তরুণদের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন COP31। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রতিনিধি, নীতিনির্ধারক, পরিবেশবিদ, গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন, অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সোহেল রানা বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে যুব নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শিক্ষা, পরিবেশ সচেতনতা, দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবাসহ নানা সামাজিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
বিশেষ করে বরিশালের ভাসমান মান্তা জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ‘Esho Shikhai’ উদ্যোগের মাধ্যমে কাজ করছেন সোহেল। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়েও কাজ করছেন তিনি।
যুব নেতৃত্ব ও জলবায়ুবিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমেও অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। International Leadership Competition (ILC) 20k+ জাতীয় প্রতিযোগিতায় সেরা ১০০-এর মধ্যে স্থান করে নিয়ে লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। উপকূলীয় অঞ্চলের বাসিন্দা হিসেবে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং এসব কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়গুলো নিয়েও কাজ করছেন সোহেল।
COP31-এ অংশগ্রহণের বিষয়ে সোহেল রানা জানান, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তবতা, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা প্রান্তিক মানুষের সংকট ও প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও ভূমিকা রাখতে চান।
তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশা আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্ব পাওয়া জরুরি।
সোহেল রানার এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু নিয়ে কাজ করা তরুণদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি একটি সম্ভাবনাময় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

