Google search engine
Homeঅন্যানোকারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে ইন্দো-বাংলার শ্রমিকদের বিক্ষোভ

কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে ইন্দো-বাংলার শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ নোটিশ প্রত্যাহার, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিকদের একটি প্রতিনিধি দল।

শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনিষা চক্রবর্তী। এ ছাড়া বাসদ নেতা শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর আহ্বায়ক সুজন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল হাওলাদারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস দীর্ঘদিন ধরে শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করছে না। গত মার্চে মালিক, শ্রমিক ও কলকারখানা কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদানসহ আগস্টের মধ্যে শ্রম আইন অনুযায়ী দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন না করে আগস্টের বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

শ্রমিক নেতাদের দাবি, গত ১০ সেপ্টেম্বর এক শ্রমিক ও এক জুনিয়র অফিসারের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে কর্মবিরতির অভিযোগ এনে শ্রম আইনের ১৩(১) ধারায় নোটিশ জারি করেছে। তবে শ্রমিকরা কোনো কর্মবিরতি পালন করেননি বলে দাবি তাদের। একই সঙ্গে শ্রমিকদের ছাঁটাইয়ের ভয় দেখাতে ২৩ ধারায় সম্মিলিতভাবে এবং সাত শ্রমিককে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে অবিলম্বে নোটিশ প্রত্যাহার, কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। পাশাপাশি নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments