Google search engine
Homeঅন্যানোচাঁদমারী-ত্রিশগোডাউনে বেপরোয়া চোরচক্র, এক ডজনের বেশি চুরির অভিযোগ

চাঁদমারী-ত্রিশগোডাউনে বেপরোয়া চোরচক্র, এক ডজনের বেশি চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর চাঁদমারী থেকে ত্রিশগোডাউন—একটির পর একটি চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। কখনো বিদ্যুতের মিটারের তার, কখনো দোকানপাট, জুয়েলারি প্রতিষ্ঠান আবার কখনো বাসাবাড়ি, কোনো কিছুই বাদ যাচ্ছে না চোরচক্রের হাত থেকে। গত কয়েক দিনে এসব এলাকায় অন্তত এক ডজনেরও বেশি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

সর্বশেষ গত ৮ নভেম্বর গভীর রাতে নগরীর বিআইপি শাখা সড়কের নাহিদ ম্যানসনে চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এক বাসিন্দার সন্দেহ হয়। পরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দুই ব্যক্তিকে ভবনের বিদ্যুতের মিটারের তার কাটতে দেখেন। এ সময় লাইট জ্বালিয়ে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। তবে এর আগেই প্রায় ১২টি মিটারের কয়েক লাখ টাকা মূল্যের তার কেটে রোল করে রাখা হয়েছিল বলে জানা গেছে।

এর আগে ত্রিশগোডাউন এলাকায় একাধিক ভবনের বিদ্যুতের মিটারের তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চাঁদমারী এলাকার অফিসার্স মেসের সামনে বিসমিল্লাহ স্টোরের মালিক জহির ইসলামের দোকানের ছয়টি তালা কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। একই এলাকায় আইয়ুব আলী, নাহিদ ও রাজুর দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি মাদ্রাসা সড়কের কয়েকটি ভবন থেকেও মিটারের তার চুরির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় বারবার চুরির ঘটনা ঘটলেও চোরচক্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এমনকি অফিসার্স মেসের মতো এলাকায় সিসি ক্যামেরা থাকার পরও চুরির ঘটনা ঘটছে। এতে সাধারণ বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাতের বেলায় দোকান ও বাসাবাড়ি নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা।

এলাকাবাসীর দাবি, চুরি প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়াতে হবে। পাশাপাশি চিহ্নিত ও পেশাদার চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। অন্যথায় এভাবে চুরির ঘটনা বাড়তে থাকলে নগরীর ওই এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য আরও ঝুঁকির মুখে পড়বে।

এ বিষয়ে নানিবুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির দাস বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন চোরকে আটক করা হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে। বিআইপি সড়কের নাহিদ ম্যানসনের ঘটনায় আজই অভিযান পরিচালনা করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলা করতে অপারগতা প্রকাশ করায় আসামিদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। ফলে তারা সহজেই জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments