নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও সাগরপাড়ের এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে আমরা জানি, জলবায়ু পরিবর্তন কীভাবে ঘটছে। বৃষ্টির পরিমাণ, রোদের তীব্রতা, তাপমাত্রা এবং পানির উচ্চতা দিন দিন পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যেসব এলাকা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকবে, তার মধ্যে উপকূলীয় অঞ্চল ও সাগরপাড়ের এলাকাগুলো অন্যতম। ফলে এসব এলাকার মানুষও বেশি ঝুঁকির মধ্যে থাকবে।’
তিনি বলেন, ‘জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা সচেতন না হলে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাই পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়নের পক্ষে নন। পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ এর বড় প্রমাণ। এ পরিকল্পনার আওতায় প্রতিবছর পাঁচ কোটি করে গাছ লাগানো হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে।
তিনি বন বিভাগের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে সবাইকে বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান।
উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী বৃক্ষ মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন।
বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

