নিজস্ব প্রতিবেদক: ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল প্রীতি।
এই সাফল্যের পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে কৃতি এই শিক্ষার্থী।
সাক্ষাৎকালে প্রশাসক জান্নাতুল প্রীতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রীতির এই অর্জন বরিশালবাসীর জন্য গৌরব ও আনন্দের। খেলাধুলা ও পড়াশোনায় সমানভাবে দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে মেধাবী ও ক্রীড়ামুখী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় বিসিসির সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জান্নাতুল প্রীতির জাতীয় পর্যায়ের সাফল্যে বরিশালের শিক্ষাঙ্গনে নতুন গৌরব যুক্ত হয়েছে।

