নিজস্ব প্রতিবেদক:‘পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নাগরিকদের ভূমিকা অগ্রগণ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই মানোন্নয়ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টায় বিসিসির সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় বিসিসির প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সনাক-টিআইবির সদস্য জীবন কৃষ্ণ দে, সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদাসহ সনাক-টিআইবির প্রতিনিধিরা ও স্থানীয় সচেতন নাগরিকরা সভায় অংশ নেন।
সভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

