গৌরনদী প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, সত্যের প্রতি নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জাগ্রত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, কবি নজরুলের কবিতা আমাদের নানাভাবে প্রভাবিত করে। বিশেষ করে দেশপ্রেমের মূল্যবোধ এবং সত্যের প্রতি আগ্রহকে আরও শাণিত করে। নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি ও এর মর্ম উপলব্ধি করার মধ্য দিয়ে কিশোর-কিশোরীদের মনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে ওঠে। এই চেতনা পরবর্তী জীবনে একজন মানুষের ব্যক্তিত্ব ও নাগরিক দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, যে কিশোর কবি নজরুলের বিদ্রোহী কবিতা পড়েছে এবং এর অন্তর্নিহিত তাৎপর্য অনুভব করেছে, তার চিন্তাজগৎ অন্যদের চেয়ে আলাদা হয়ে গড়ে উঠতে পারে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এই মানসিকতা ভবিষ্যতে তার জীবন ও নাগরিক চরিত্রে প্রতিফলিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, কবি নজরুলের সাহিত্যকর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। এ কারণেই সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে একই দিন দুপুর দেড়টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় সরকারি গৌরনদী কলেজ ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

