বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Google search engine
Homeক্রিকেটপিএসএলে শিরোপার লড়াই আজ: জালমির অভিজ্ঞতা বনাম কিংসম্যানের স্বপ্ন

পিএসএলে শিরোপার লড়াই আজ: জালমির অভিজ্ঞতা বনাম কিংসম্যানের স্বপ্ন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রবিবার রাতেই পর্দা নামছে এবারের পাকিস্তান সুপার লিগের জমজমাট আসরের। ৪৪ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হায়দরাবাদ কিংসম্যান ও পেশোয়ার জালমি। একদিকে প্রথম আসরেই ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে পুরনো গৌরব ফেরানোর লক্ষ্য।

 

এই মৌসুমে লিগে আর্থিক কাঠামোতেও এসেছে পরিবর্তন। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার, রানার্সআপ ৩ লাখ ডলার। আর খেলোয়াড় তৈরিতে সেরা ফ্র্যাঞ্চাইজি পাবে ২ লাখ ডলার। খেলোয়াড়দের জন্য আলাদাভাবে রাখা হয়েছে ৫ লাখ ডলারের পুরস্কারভান্ডার। যা লিগের পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

 

 

পেশোয়ার জালমি পুরো আসরজুড়ে ছিল সবচেয়ে স্থিতিশীল দলগুলোর একটি। অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেছেন ৫৮৮ রান। যা তাকে আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান বানিয়েছে। তার পাশে সমান তালে পারফর্ম করেছেন কুশল মেন্ডিস, যার সংগ্রহ ৫৪১ রান। বল হাতে দাপট দেখিয়েছেন সুফিয়ান মোকিম। ২১ উইকেট নিয়ে তিনি জালমির বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু।

 

১০ ম্যাচে ৮ জয়, তার মধ্যে টানা ৭ ম্যাচ জয়ের দুর্দান্ত ধারাবাহিকতা; এই ছন্দ নিয়েই ফাইনালে উঠেছে জালমি। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা। উপরন্তু, গতিময় পেসার নাহিদ রানা দলে ফেরায় শক্তি আরও বেড়েছে। যিনি মাত্র ৪ ম্যাচেই ৭ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসম্যানের গল্পটা যেন পুরোপুরি নাটকীয়। শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। টানা ৩ হারের পর জালমির বিপক্ষে শেষ বলে হার। মোট ৪ ম্যাচে পরাজয়। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় দলটি। টানা ৪ জয়ে ফিরে আসে প্রতিযোগিতায়। পরে শেষ লিগ ম্যাচে ১০৮ রানের বড় জয়ে নেট রানরেটে এগিয়ে গিয়ে পেছনে ফেলে দেয় লাহোরকে।

 

অধিনায়ক মার্নাস লাবুশেন দলের এই যাত্রাকে দেখছেন ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল হিসেবে। তার ভাষায়, দলটি ওঠানামার মধ্য দিয়েই নিজেদের শক্তি খুঁজে পেয়েছে।

নকআউটে এসে আরও চমক দেখায় কিংসম্যান। এলিমিনেটরে মুলতানকে হারিয়ে, পরে ইসলামাবাদের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে নিশ্চিত করে ফাইনাল। এই ধাক্কা সামলে ওঠার মানসিক শক্তিই এখন তাদের সবচেয়ে বড় সম্পদ।

 

অভিজ্ঞতা বনাম গতি- কার হাতে ট্রফি?
একদিকে জালমির ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতা, অন্যদিকে কিংসম্যানের লড়াকু মনোভাব ও গতি; সব মিলিয়ে ফাইনাল হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকে ভরা স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে মহারণ।

শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি- অভিজ্ঞ জালমি, নাকি স্বপ্ন দেখা নবাগত কিংসম্যান; তার উত্তর মিলবে আজ রাতেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments