নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগের চেয়ে আরও ভালোভাবে দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আয়োজিত বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই সভা করা হয়েছে। সভায় আমরা দেখেছি, আগের চেয়ে পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আরও ভালোভাবে কাজ করছে।’
বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, আগামী বছরের এপ্রিলের মধ্যে বরিশালের ক্যানসার হাসপাতাল চালুর লক্ষ্য রয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।
সোহেল মঞ্জুর বলেন, ইতোমধ্যে তিনি পাঁচটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের গুণগত মানের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

