Google search engine
Homeঅন্যানোবরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে অভিযান

বরিশাল সদর উপজেলা পরিষদের পরিত্যক্ত পুকুর পরিষ্কারে অভিযান

‘আপনার আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ বাংলাদেশ গড়ে তুলুন’—জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ময়লা-আবর্জনা সরিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বরিশাল সদর উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পরিত্যক্ত পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নাওশীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিডি ক্লিন বরিশালের সদস্যরা।

অভিযানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান ইউএনও ফরিদা সুলতানা। পরে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা বিডি ক্লিনের সদস্যদের সঙ্গে নিয়ে পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা জলাশয়টির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের বাড়ি ও আঙিনার পাশাপাশি আশপাশের পরিবেশ, পুকুর ও খাল পরিষ্কার রাখতেও সবাইকে সচেতন হতে হবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ‘আপনার আঙিনা পরিষ্কার রাখুন, সুস্থ বাংলাদেশ গড়ে তুলুন।’ পরিচ্ছন্নতা কার্যক্রম যেন কেবল আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে, বরং দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হয়—এ জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারের মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে বিডি ক্লিন বরিশালের সদস্যরা সহযোগিতা করছেন। পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলাশয় সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্নতা বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় আশপাশের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য করে তোলার পথ তৈরি হবে।

অভিযানে বরিশাল সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিন বরিশালের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments