Google search engine
Homeঅন্যানোসাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, তথ্যের অবাধ প্রবাহের এ সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশন সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পৃষ্ঠপোষকতায় এখনো শক্তিশালী কাঠামো গড়ে ওঠেনি। অথচ এ পেশা ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করছেন। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

এ সময় দৈনিক ইনকিলাব-এর বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস শিকদার বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরেন। এসব প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠান শেষে বরিশাল, ঝালকাঠী ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments