ডেস্ক নিউজঃ বরিশালের কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন রসুলপুর। এ সময় ড্রেজার ও বাল্কহেডে থাকা চার শ্রমিককে আটক করা হয়।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে কীর্তনখোলা নদীর দপদপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক শ্রমিকরা হলেন—হাফিজুর রহমান, মোহাম্মদ হালিম,মো.সিফাত ও মহিউদ্দিন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দের পাশাপাশি ওই দুই নৌযানে থাকা চার শ্রমিককে আটক করা হয়।
পরে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড এবং আটক শ্রমিকদের বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আটক চার শ্রমিকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন। একই সঙ্গে ঘটনায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, নদী ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, নদী দখল ও দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
স্থানীয়রা জানান, কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন ও কোস্টগার্ডের অভিযান আরও জোরদার ও নিয়মিত করার দাবি জানান তারা।

