নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর রুপাতলী এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার(৯ মে) সকাল ১১টায় রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ২০২৩-২৪ অর্থবছরে সড়কটি পুনর্নির্মাণ করা হলেও রাস্তার দুই পাশে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, রুপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিলের বিপরীত পাশ থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় ৫০০ মিটার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, মুসল্লিদের মসজিদে যাওয়া এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। অনেক সময় বৃষ্টির পানি বাসাবাড়িতেও প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, গত কয়েক বছরে গণস্বাক্ষর সংগ্রহ করে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড্রেন নির্মাণের আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে এলাকাজুড়ে বহুতল ভবন নির্মাণ বেড়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সোনারগাঁও টেক্সটাইল এলাকা থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় ১ হাজার মিটার ড্রেন নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি জোর দাবি জানান। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে এলাকাবাসী।




