নিজস্ব প্রতিবেদকঃ মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) অভিযানের চতুর্থ দিনে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানকালে জব্দ করা অবৈধ জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হলে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান এবং বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধ জালের ব্যবহার ও ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

