নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোড ও বটতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ জুলাই,বৃহস্পতিবার দুপুরে নগরীর বটতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে যেসব ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের দ্রুত নবায়নের নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে একটি খাবার হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী হলুদ অটোরিকশার কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি চালকরা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করছেন কি না, তাও তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

