অনলাইন ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে খালেদা আক্তার ও তার স্বজনদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ।
একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে খালেদা আক্তার ও টিটুকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও আরেক স্বজন মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন রাতে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

