Google search engine
Homeঅন্যানোরাজপথের নৈরাজ্য নয়,সংসদ হবে রাজনীতির কেন্দ্র: জহির উদ্দিন স্বপন

রাজপথের নৈরাজ্য নয়,সংসদ হবে রাজনীতির কেন্দ্র: জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধিঃ রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে দেশে একটি কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদে বিরোধী দল সরকার ও সংসদ নেতার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা এবং ভুল-ত্রুটি তুলে ধরার সুযোগ পাচ্ছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। সংসদকে সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা গেলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।

পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে পুনর্গঠন করা হচ্ছে। অতীতে পুলিশকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করার অভিযোগ উঠেছিল। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একজন পুলিশ মহাপরিদর্শক অপরাধের অভিযোগে পালিয়ে বেড়ালে ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। পুলিশ বাহিনীর হারানো মর্যাদা ও আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত করে নিরপেক্ষ করার কাজ চলছে। একই সঙ্গে ব্যাংক খাতে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেও সংস্কার কার্যক্রম চলছে।

কৃষি ও খাদ্য উৎপাদন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে পর্যাপ্ত পানি পৌঁছানো সম্ভব হলে দেশের উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়াতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আরও বড় পরিসরে খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে পারবে।

গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম ও সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments