মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনায় উঠে এসেছে সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলামের নাম।
রুবেল সরকারি আলিমুদ্দিন কলেজের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে ২০২০ থেকে ২০২৬ সালের ২১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন।
গত ২১ আগস্ট হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের পর সাবেক হয়ে যান রুবেল ইসলাম। এরপর থেকেই উপজেলা যুবদলের নেতৃত্বে তার আসার সম্ভাবনা নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
একাধিক দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে রুবেল ইসলামকে উপজেলা যুবদলের শীর্ষ দুই পদের যেকোনো একটিতে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
স্থানীয় ছাত্ররাজনীতিতে রুবেল ইসলাম পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। দলীয় নেতাকর্মীদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের সঙ্গে ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
শুধু তাই নয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও রুবেল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন।
রুবেলের ঘনিষ্ঠজন ও স্থানীয় নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয় এবং কয়েকবার কারাবরণও করেছেন বলে তারা জানান।
দলীয় নেতাকর্মীদের অনেকে মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় রুবেল ইসলামকে যুবদলের নেতৃত্বে মূল্যায়ন করা হলে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবেন।
এদিকে উপজেলা যুবদলের নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত রুবেল ইসলাম শীর্ষ কোনো পদে আসছেন কি না, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

