বরিশাল প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার হতাশাজনক চিত্র দেখা গেছে। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই উল্লেখযোগ্য হারে কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। এ ছাড়া ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।
ফলাফল প্রকাশকালে তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।
এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই অবনতি হওয়ায় বরিশাল শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

