নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ফুটপাত ও চলাচলের পথ দখল, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ শিকদারসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ ও উচ্ছেদ করা হয়।
এছাড়া যেসব ব্যবসাপ্রতিষ্ঠান এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।
বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

