নিজস্ব প্রতিবেদক: আওয়ামী দোসর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও দখলদার এস আলমের বিচারসহ আট দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার বেলা ১০টায় নগরীর বগুড়া রোড ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ইন্জি: সাইফুল ইসলাম, ইন্জি: আব্দুর রব, ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, মিজানুর রহমান, মো. সালেহ উদ্দিন আহম্মেদ, নিয়াজ মাহমুদ বেগ ও মাওলানা নুরুল্লাহ্ প্রমুখ।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো– গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, নতুন চেয়ারম্যান আওয়ামী দালাল খুরশিদ আলমের নিয়োগ বাতিল, ইসলামী ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করা, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। তাছাড়া ঢাকায় ইসলামী ব্যাংক গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে আকস্মিক পুলিশি এ্যাকশনের প্রতিবাদ জানানো হয়।

