উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। এ ছাড়া বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, একটি দালালচক্রের মাধ্যমে সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছিল। স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তি ও দালালচক্রকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

