বরিশাল: বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না। পরে তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, ডা. মনিরুজ্জামানের যোগদানের শেষ দিন হলেও তিনি অফিসে উপস্থিত হননি। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন, লাবণ্য আক্তার ও নাঈম ইসলাম। তারা দাবি করেন, বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে একজন বিতর্কমুক্ত, সৎ ও যোগ্য কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে। বর্তমান নিয়োগ জনস্বার্থবিরোধী বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে দ্রুত নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের অপসারণ এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

