Google search engine
Homeঅর্থনীতিবরিশালের নদী-প্রকৃতি ও ভীমরুলীর পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের নদী-প্রকৃতি ও ভীমরুলীর পেয়ারা হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদকঃ নদী-নালা, খাল-বিল ও সবুজ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে নৌপথে বরিশাল সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে লঞ্চযোগে বরিশালে এসে তিনি ঘুরে দেখেন দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান। এ সময় তিনি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পেয়ারা যুক্তরাষ্ট্রে রপ্তানির সম্ভাবনার কথা জানান।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে সকালে নৌপথে বরিশালে পৌঁছান। নৌযাত্রার সময় তিনি বরিশালের নদী, খাল-বিল ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বরিশালে এসে তিনি এ অঞ্চলের জলপথ ও প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন।

পরে রাষ্ট্রদূত ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ও আশপাশের পেয়ারা বাগান পরিদর্শনে যান। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছে নৌকায় করে তিনি ভাসমান হাট ঘুরে দেখেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পেয়ারা কেনাবেচা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। কথা বলেন স্থানীয় পেয়ারা চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে। তিনি পেয়ারা চাষের পদ্ধতি, উৎপাদন, বাজারজাতকরণ ও স্থানীয় কৃষকদের জীবনযাত্রার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ভীমরুলীর বিখ্যাত পেয়ারা স্বাদও নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার তাকে মুগ্ধ করেছে। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উষ্ণ অঞ্চলেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশের পেয়ারার গুণগত মান ও স্বাদের প্রশংসা করে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ভীমরুলী পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন। সফরে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। পরবর্তী সময়ে তিনি বরিশালের কড়াপুরের ঐতিহাসিক মিয়া বাড়ি মসজিদ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments