Google search engine
Homeঅন্যানোপ্রেমের টানে গৌরনদীতে ভারতীয় তরুণ,১৭ বছরের কিশোরীকে বিয়ে

প্রেমের টানে গৌরনদীতে ভারতীয় তরুণ,১৭ বছরের কিশোরীকে বিয়ে

গৌরনদী প্রতিনিধি: প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসে ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেছেন ২০ বছর বয়সী ভারতীয় তরুণ। পরিবারের উদ্যোগে বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর বয়স ও নোটারির মাধ্যমে বিয়ের বিষয়টি নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে।

ভারতীয় ওই তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ, যিনি হামজা নামেও পরিচিত। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। আর নববধূ মাহি আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। মাহি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাহির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাকে গ্রহণ করেন। পরে তাকে বরিশালে নিয়ে আসা হয়। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পাশাপাশি একজন মৌলভীকে ডেকে ধর্মীয় আনুষ্ঠানিকতাও পালন করা হয়। এরপর জামাতা হিসেবে ফাইজানকে নিজেদের বাড়িতে নিয়ে যান মাহির পরিবারের সদস্যরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। মাহি জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু হিসেবে প্রায় দেড় বছর আগে ফাইজানের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ বন্ধ করেননি। শেষ পর্যন্ত বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাইজান।

মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে ও সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছে সে। ফলে দুজনের মধ্যে যোগাযোগে এখন আর ভাষাগত সমস্যা হচ্ছে না। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানিয়েছে মাহি।

ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাদের প্রেমের বিষয়টি তার পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশে কাটাতে চান। শ্বশুরবাড়িতে এসে তিনি আনন্দিত বলেও জানান।

মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় একজন তরুণ বাংলাদেশে এসে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন, বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, স্থানীয় গ্রামপুলিশ তাকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরী মাহির বয়স ১৭ বছর হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এ বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতা আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments