Google search engine
HomeUncategorizedশহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বরিশালে শ্রদ্ধাঞ্জলি

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বরিশালে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে একটি র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরবাড়ি রোডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারজানা আক্তার।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য উম্মে হালিম লাবনী, রেজওয়ান হোসেন সিয়াম, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য রাকিবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে ১৯৯২ সালে গঠিত গণআদালত যুদ্ধাপরাধের বিচারের দাবিকে জাতীয় আন্দোলনে রূপ দেয়। তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাধা-বিপত্তি সত্ত্বেও জাহানারা ইমাম ন্যায়বিচারের দাবিতে আপসহীন ছিলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জাহানারা ইমামের আদর্শ বাস্তবায়নে বাম গণতান্ত্রিক শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments